মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে চাঁদপুরের অন্তত ৫০টি গ্রামে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী।তিনি জানান, প্রতি বছর কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদ্যাপন করেন তারা। ইতোমধ্যে ঈদুল ফিতরের নামাজের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সকালে ঈদের প্রথম জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে সাদ্রা দরবার শরিফ মাঠে। ইমামতি করবেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। আর দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে, ইমামতি করবেন মুফতি আরিফ চৌধুরী।এছাড়া স্থানীয় বিভিন্ন মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা ছাড়াও একদিন আগে ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম।
প্রসঙ্গত, ১৯২৮ সাল থেকে মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপনের এই প্রথা চালু করেন। তার অনুসারীরা চাঁদপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলায় একইভাবে ঈদ উদ্যাপন করে থাকেন।